প্রায় ৪৮ ঘণ্টার বৃষ্টির পর থাইল্যান্ডের ব্যাংককে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। একাধিক সড়কে পড়ে আছে গাড়ি। গতকাল শনিবারের ছবি এএফপি
প্রবল বৃষ্টিতে ব্যাপক বন্যার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে বজ্রঝড়ও হতে পারে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর সড়কগুলো তলিয়ে যায়। কোথাও কোথাও গাড়ির অর্ধেক ডুবে গেছে। মানুষ কোমরপানির মধ্য দিয়ে চলতে বাধ্য হয়েছে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, ‘এই পরিস্থিতি মানুষের জীবনে ঝুঁকি ডেকে এনেছে। এতে সরকারি ও বেসরকারি সম্পদেরও ক্ষতি হতে পারে।’ গতকাল খালের আশপাশে বসবাসকারী মানুষদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে সরকার।
সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় স্কুলগুলোতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করেছে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন।
এদিকে প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে সুপারমার্কেটে ভিড় বেড়েছে মানুষের। তবে শহরের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমিতে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এরপরও পর্যটন কর্তৃপক্ষ যাত্রাকালে ভ্রমণকারীদের অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে রাখার পরামর্শ দিয়েছে। গত নভেম্বরে থাইল্যান্ডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই বন্যায় অন্তত ১৪৫ জন নিহত হন। রয়টার্স।
ই-মেইল: [email protected], [email protected]