টিকটকে পরিচয়, এরপর ইমুতে প্রেম। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। গত শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন একটি স্থানে এই ঘটনা ঘটে। শনিবার রাত পৌনে ৮টার দিকে ময়নামতি এলাকা থেকে ঘটনায় জড়িত অভিযোগে রাজিব আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি লুৎফর রহমান। তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় আটক রাজীব আহমেদ (২০) বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ওই কিশোরীর গ্রামের বাড়ি নরসিংদী। সে রাজধানীর গুলশানের একটি অভিজাত বাসায় গৃহপরিচারিকার কাজ করত। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, সামাজিক মাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে রাজীব আহমেদের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে ঢাকা থেকে কুমিল্লায় আসে সে। রাত ৯টার পর কুমিল্লার ময়নামতি এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়। পরে তারা একটি হোটেলে খাবার খায়। রাত ১টার দিকে রাজীব তাকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে মারধর করে পালিয়ে যায় রাজীব। বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, ধর্ষণের শিকার কিশোরীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ই-মেইল: [email protected], [email protected]