প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৩
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে এক সাংবাদিককে দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আপনার এখানে থাকা উচিত নয়।’ মঙ্গলবার সিএনএন-এর সাংবাদিক কেইটলান কলিন্সকে উদ্দেশ্য করে করে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি হোয়াইট হাউস থেকে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে এ গণমাধ্যমের কর্মীরা কার্যত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন না।
সাধারণ পরিষদে ভাষণের আগে জাতিসংঘে প্রবেশের সময় ট্রাম্প কেইটলান কলিন্সকে বলেন, সিএনএন তার সংবাদ সংগ্রহ করতে আসায় তিনি অবাক হয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি অবাক হচ্ছি যে সিএনএন এখানে আমার সংবাদ সংগ্রহ (কভার) করতে এসেছে। আপনাদের এখানে আমার সংবাদ সংগ্রহ করার কথা না। আপনারাই তো বলেছিলেন যে আমার সংবাদ সংগ্রহ করবেন না।’
তবে সম্প্রচারে ফিরে কলিন্স প্রেসিডেন্টের এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে জানান, তারা প্রতিদিনই প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা করবেন।
হোয়াইট হাউস প্রাঙ্গণে সিএনএন-কে নিষিদ্ধ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও, জাতিসংঘে নিয়মিত ক্রেডেনশিয়ালড মিডিয়া হিসেবে তাদের প্রবেশের অনুমতি ছিল।