বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্তে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এসব এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন।

এ বিষয়ে সোমবার একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে গত বছরের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, আগে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা প্রযোজ্য ছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এয়ারলাইনস তাদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও এ সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশে পরিচালিত ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে এডি ব্যাংকগুলো যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এই সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে থাকবে। যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে ব্যাংক। এ ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থা অনুসরণ করতে হবে।

এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতেও এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।