‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনার

বাংলাদেশে তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ছে। এ ঝুঁকি কমাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বর্ধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি বলে মত দেন তারা।

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে আজ সোমবার ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ ওয়েবিনারের আয়োজন করে। আগামীকাল ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট’।

ওয়েবিনারে জানানো হয়, বিশ্বে প্রতিবছর হৃদ্‌রোগের কারণে প্রায় ৬৫ লাখ মানুষ অকালমৃত্যুবরণ করেন। উচ্চ রক্তচাপ হৃদ্‌রোগের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশেও হৃদ্‌রোগে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ হৃদ্‌রোগের কারণে হয়ে থাকে।

আলোচনায় বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে হৃদ্‌রোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর সঙ্গে উচ্চ রক্তচাপ জড়িত। এসব মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকালমৃত্যু।

‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য তুলে ধরে ওয়েবিনারে বলা হয়, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। ফলে তরুণ বয়স থেকেই উচ্চ রক্তচাপ শনাক্ত ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।