প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৯

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানোসহ পাঁচ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখা। আজ রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এর প্রভাবে পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ছে। তাই, অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার এবং ভবিষ্যতে গণশুনানির মাধ্যমে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য নির্ধারণের দাবি জানান তারা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈকত আরিফ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও উদ্বেগজনক। হাসপাতাল ভাঙচুর, দখলবাজি ও বিভিন্ন স্থানে হামলার ঘটনায় প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং দলীয় প্রভাবমুক্ত নিয়োগের আহ্বান জানান।

ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমীন রহমান বলেন, জনগণের ওপর কর ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ না দিয়ে জ্বালানি খাতের শুল্ক-ভ্যাট কমানো এবং অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাড্ডা হাসপাতাল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

মহানগরের সদস্য মাহমুদ হাসান বলেন, কোনো ধরনের গণশুনানি বা জনসম্পৃক্ততা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। তিনি জ্বালানি তেলের মূল্য নির্ধারণে গণশুনানির দাবি জানান।