প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৩৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৩৯
কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ২৫৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়। এ ছাড়া বাকি ১৪৬ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। নগরসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। অভিযানে গত শনিবার রাতে ২৫৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১০৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, শনিবার রাতে সদর থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং লিডার আনিসুর রহমান আনিকও রয়েছে। সে সেকেন্ড ইন কমান্ড হিসেবে রতনের পুরো গ্যাং নিয়ন্ত্রণ করত। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এর আগে কুমিল্লায় গত ২৩ সেপ্টেম্বর রাতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুবি শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি ওঠে। এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর থেকে পুলিশ জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে।