আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংশোধনী বিল প্রণয়ন করবে।
রোববার জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের মৌলিক কোনো বিষয়ে সংশোধন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে। সংবিধানের প্রস্তাবনা, ১৪২ অনুচ্ছেদ বা সংশ্লিষ্ট সাংবিধানিক বিধানে পরিবর্তন এলে গণভোটের বাধ্যবাধকতা থাকবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ গণভোট ও সাংবিধানিক গণভোট এক বিষয় নয়। সংবিধানের নির্দিষ্ট কিছু বিধানে পরিবর্তন আনা হলে সাংবিধানিক বিধান অনুযায়ী গণভোটের প্রয়োজন হতে পারে। জাতীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ নিয়েও তিনি কথা বলেন।
১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে আগে সাংবিধানিক গণভোটের বিধান ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল করা হয়। পরে পঞ্চদশ সংশোধনী বাতিলসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর ১৪২ অনুচ্ছেদের ওই বিধান আবার কার্যকর হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, সংসদে সংবিধান সংশোধনী পাস হওয়ার পর যেসব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা থাকবে, সেগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটে পাঠানো হবে। গণভোটে পক্ষে ভোট পড়লে সংশোধনী অনুমোদিত হবে এবং এরপর রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন।