জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন না আসায় নতুন তারিখ দেন আদালত। এদিন পলককে আদালতে হাজির করা হলেও বিচারকের এজলাসে তোলা হয়নি। তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
আদালতের কার্যক্রম শেষে হাজতখানা থেকে প্রিজনভ্যানে নেওয়ার সময় হাতকড়া পরা হাত উঁচিয়ে পলক বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত।’ এরপর তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণ ছেড়ে যায়।
আইনজীবীর দাবি পলকের বক্তব্যের ব্যাখ্যায় তার আইনজীবী তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে থাকা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি বোঝাতেই পলক এমন মন্তব্য করেছেন।
আইনজীবীর দাবি, পলকের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে এবং তিনি জামিন পাচ্ছেন না। এর মাধ্যমে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি বোঝাতে চেয়েছেন।
পলকের বিরুদ্ধে দুদকের অভিযোগ ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ পলকের বিরুদ্ধে মামলাটি করেন।