সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক সংবাদ সম্মেলন করে বাপা। ছবি

কক্সবাজারের মহেশখালীর সংরক্ষিত বনের ভেতরে সড়ক নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটির অভিযোগ, সংরক্ষিত বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণ করা হলে পাহাড় ও গাছ কাটার পাশাপাশি বন্য প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে কক্সবাজারের সুগন্ধা সৈকতের বালিয়াড়িতে চলমান সড়ক নির্মাণ বন্ধ এবং সোনাদিয়া দ্বীপের অবৈধ দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য পুনরুদ্ধারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি জাকির হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকাগুলো অপরিকল্পিত উন্নয়নের কারণে ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে মহেশখালীর সংরক্ষিত বনের ভেতরে সড়ক নির্মাণের উদ্যোগ বিশেষভাবে উদ্বেগজনক। সংরক্ষিত বন ও পাহাড়ি প্রতিবেশের ওপর প্রভাব বিবেচনা না করে এ ধরনের অবকাঠামো নির্মাণ করা হলে দীর্ঘমেয়াদে এর ক্ষতি পূরণ করা কঠিন হবে।

জাকির হোসেন বলেন, মহেশখালীর সংরক্ষিত বনের ভেতরে সড়ক নির্মাণ বন্ধ করতে হবে। পাশাপাশি সুগন্ধা সৈকতের বালিয়াড়িতে চলমান সড়ক নির্মাণ অবিলম্বে বন্ধ, হাইকোর্টের মামলা নম্বর ২২৬/২০১১-এর রায় ও নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করতে হবে। বালিয়াড়িতে কোনো প্রকল্প নেওয়ার আগে পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) এবং বিশেষজ্ঞ মতামত বাধ্যতামূলক করারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক প্রতিরক্ষা ও প্রতিবেশব্যবস্থা রক্ষা করা জরুরি। কিন্তু উপকূলজুড়ে এমন সব উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে, যার কারণে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।