কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতায় বাস্তবায়নাধীন ১১টি প্রকল্পের পরিচালক (পিডি) একসঙ্গে পরিবর্তনের উদ্যোগ নিয়ে কৃষি বিভাগে আলোচনা চলছে। এ উদ্যোগের সঙ্গে বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নাম আলোচনায় এলেও সংগঠনটি বলেছে, ১১ প্রকল্পের পিডি পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, সম্প্রতি এ্যাবের নেতারা ডিএইর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্প পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে কর্মরত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছিলেন। তবে ১১টি প্রকল্পের পিডি পরিবর্তনের প্রস্তাব পাঠানোর আগে এ বিষয়ে এ্যাবের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, প্রস্তাবিত তালিকায় এমন কিছু কর্মকর্তার নাম রয়েছে যাঁরা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত একজন কর্মকর্তাকে সরিয়ে একই ধরনের অভিযোগ রয়েছে এমন আরেকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো এ্যাব কোনোভাবেই মেনে নেবে না। প্রত্যেক কর্মকর্তার বিগত সরকারের সময়ের কর্মকাণ্ড যাচাই-বাছাই করে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। জাতীয়তাবাদী মানসিকতার যোগ্য, সৎ ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে।
নিয়মতান্ত্রিকভাবে সব প্রক্রিয়া অনুসরণ করে পদায়ন করার ওপরও গুরুত্ব দেন শাহাদাত হোসেন বিপ্লব। তিনি বলেন, শুধু একজনকে সরিয়ে আরেকজনকে পদায়ন করলেই হবে না; যাঁদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে, তাঁদের যোগ্যতা, দক্ষতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিতে হবে।
ই-মেইল: [email protected], [email protected]