হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে চলমান যুদ্ধ আরও তীব্র হয়ে সৌদি আরবের ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় জরুরি বৈঠকের জন্য রিয়াদে যাচ্ছেন পাকিস্তান ও তুরস্কের সেনাপ্রধানরা। সেখানে তারা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ওপর আলোচনা করবেন।
শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চিফ অব জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারগ্লুর সৌদি সফরের তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনিরও সেখানে যাবেন বলে জানতে পেরেছে আল জাজিরা। এই তিন দেশ গত মাসে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় এক দেশ আক্রান্ত হলে বাকিরাও সেটিকে নিজেদের ওপর হামলা বিবেচনা করবে।
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এরপর থেকেই রিয়াদকে সমর্থন দেওয়ার ব্যাপারে তৎপরতা শুরু হয়। এবার সৌদির অনুরোধে সেনাপ্রধানরা জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন।
তিন ধরনের প্রতিক্রিয়া দেশ তিনটির সেনাপ্রধানদের বৈঠকের ঘোষণাটি এসেছে বৃহস্পতিবার। এদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের ইসহাক দার ও তুরস্কের হাকান ফিদান।
ওই বৈঠক নিয়ে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে পবিত্র নগরী মক্কাসহ বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে রিয়াদের আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে।
অপরদিকে পাকিস্তান তুলনামূলক সতর্ক অবস্থান বজায় রেখে বৈঠকের বিবরণ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইসহাক দার লিখেছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার অগ্রগতি পর্যালোচনা করেছি। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় হয়েছে।’