চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির চতুর্থ দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী গ্রাফিতি কর্মসূচি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভিন্ন রঙ ও প্রতীকী চিত্রের মাধ্যমে গ্রাফিতিতে তাদের দাবি, ক্ষোভ ও আন্দোলনের নানা বার্তা তুলে ধরা হয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সংখ্যক গ্রাফিতি আঁকা সম্ভব হয়নি। আগামীকালও এ কর্মসূচি চলবে। ফলে বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোও আন্দোলনের প্রতিবাদের দৃশ্যমান মাধ্যম হয়ে উঠছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগের পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই দিন রাত থেকেই ক্যাম্পাসে প্রতিবাদ শুরু হয়। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনের দ্বিতীয় দিনে ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা ১১টা ২০ মিনিটে শুরু হওয়া ওই কর্মসূচিতে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্রের তথ্য ও স্বাক্ষর দেন। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে উপাচার্য পুনর্বহালের দাবি জানান তারা।

পরদিন ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া ওই কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। এদিন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠিও পাঠ করা হয়। পরে সন্ধ্যায় উপাচার্য পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

একই দিন চুয়েট শিক্ষক সমিতি উপাচার্য পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয়। নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে না চাওয়ার কথাও জানায় শিক্ষক সমিতি।