জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণি পর্যন্ত সুফিবাদ বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সুফিবাদ গবেষক ও শিক্ষাবিদরা। তাদের মতে, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও আধ্যাত্মিক চেতনা বিকাশে সুফিবাদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
‘সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণি পর্যন্ত অন্তর্ভুক্ত করে পাঠদান’ শীর্ষক এ সভায় শিক্ষা ব্যবস্থায় সুফিবাদ বিষয়ক পাঠ অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুর রহমান মিয়াজী। তিনি সুফিবাদের মূলধারা ও এর মানবিক দর্শন তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদি।
সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সুফি মোবারক হোসেন মুরাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলহাজ মোজাফফর আহমেদ।