বাসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব-সংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর দুপুর ১টার দিকে পুলিশ ও দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে, সকাল থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় সেটিতে ঢিল ছোড়ার ঘটনা ঘটনা ঘটে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজে ফিরে গিয়ে ঘটনা জানালে তারা লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের দিকে যায়। পরে সেন্ট্রাল রোডে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, ঢাকা কলেজের একটি বাসে ইট ছোঁড়াকে কেন্দ্র করে ঝামেলার শুরু। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেয় এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব আহমেদ বলেন, ক্লাস শেষে ছুটির পর ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসে ইটপাটকেল ছোড়ে। এতে বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। পরবর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সেখানে গেলে ঝামেলা শুরু হয়।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর আক্রমণ করেন। কী কারণে আক্রমণ করা হয়েছে, তা তারা জানেন না। এতে তাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে গেছে।