ময়মনসিংহের নান্দাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। গতকাল শনিবার কপালহর এলাকার বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রফেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে মোট ৬৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৫১২ জনকে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

এ ছাড়া ছানি অপারেশনের জন্য ৮১ জনকে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ৭৫ জন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য অস্ত্রোপচারের জন্য আরও ১৫ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের জামালপুর শাখার ১২ সদস্যের চিকিৎসক দল দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়। চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন চিকিৎসক রিশাদ রেজা, চিকিৎসক হাসিবুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্টরা।

সকালে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল আকন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি রেজাউল করিম কাসেমী।

আয়োজকেরা জানান, চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নে প্রফেলার ফাউন্ডেশন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করেন। এ ছাড়া ৭১ জন স্বেচ্ছাসেবক সেবা কার্যক্রমে যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে স্থানীয় ২০ জন, উলামা ফাউন্ডেশন নান্দাইলের ৩০ জন, বিভিন্ন মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছয়জন গার্লস গাইড সদস্য ছিলেন।