নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের ঘোষিত তারিখ পেছায়নি। বরং, বাস্তবতা, আইন ও সংবিধান সবকিছু বিবেচনা করেই কমিশন নতুন তারিখ ঘোষণা করবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলাম। পরে দেখলাম- সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে। আবার বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য বিষয়গুলো পিছিয়ে যাওয়ার মত বিষয়গুলোও রয়েছে। কাজেই রমজান, ঈদ, পূজা, এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের কথা চিন্তা করছে ইসি।
তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষার সময় বাদ দিয়ে পরবর্তী সময়ে যাতে স্থানীয় সরকারের নির্বাচন হয় সেটি নিয়ে চিন্তা করছে কমিশন। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে এই নির্বাচন হচ্ছে না। আশা করি, আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।
এর আগে ইসি আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপের ইউপি নির্বাচন শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। পরে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর গত ১৭ সেপ্টেম্বর আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে আগের ঘোষণা থেকে সরে এসে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনার কথা জানায় সংস্থাটি।
ই-মেইল: [email protected], [email protected]