মালয়েশিয়ার দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও জনস্বাস্থ্যবিষয়ক প্রবক্তা সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার ১০০ বছর বয়সে তার মৃত্যু হয় বলে মাহাথিরের কার্যালয় জানিয়েছে।
মাহাথিরের কার্যালয় জানিয়েছে, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার একটি মুসলিম কবরস্থানে সিতি হাসমাহকে সমাহিত করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সিতি হাসমাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এক বিবৃতিতে আনোয়ার বলেন, জাতি তার মাতৃসুলভ ব্যক্তিত্বকে স্মরণ করবে এবং তার অবদান ও সেবাকার্যকে শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করবে।
সিতি হাসমাহর স্বামী ১০১ বছর বয়সী মাহাথিরকে মালয়েশিয়ার আধুনিকায়নের অন্যতম কারিগর হিসেবে দেখা হয়। তিনি দুই দফায় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মোট সময়কাল দুই দশকেরও বেশি।
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে মালয়েশিয়ায় দ্রুত শিল্পায়ন ঘটে এবং দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। ২০১৮ সালে অবসর থেকে ফিরে এসে তিনি তৎকালীন নেতা নাজিব রাজাককে ক্ষমতাচ্যুত করার পর বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নাজিব বহু-বিলিয়ন ডলারের ওয়ানএমডিবি আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তবে রাজনৈতিক কোন্দলের জেরে মাহাথিরের জোট ভেঙে পড়লে ২০২০ সালে তাঁর দ্বিতীয় মেয়াদ দুই বছরেরও কম সময়ে শেষ হয়।
১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরের মেডিকেল স্কুলে পড়ার সময় মাহাথির ও সিতি হাসমাহর পরিচয় হয়। গত আগস্টে তারা দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ করেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের সন্তানদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মোকজানি, সমাজকর্মী মারিনা মাহাথির ও রাজনীতিবিদ মুখরিজ মাহাথির।