বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি-সংগৃহীত
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ানো অন্যায় হবে।
বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। জামায়াত তা চায় না। সংসদে টাকা রোজগার করতে যাননি উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ধরনের উদ্যোগ নিলে বিরোধীদল বাধা দেবে।
জামায়াত নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল, ক্ষমতায় গেলে এমপি ও মন্ত্রীরা সরকারি প্লট এবং শুল্কমুক্ত সুবিধায় গাড়ি নেবেন না। ক্ষমতায় যেতে না পারলেও দলটি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে দাবি করেন শফিকুর রহমান। বিএনপি নির্বাচিত হওয়ার পর একই সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারি খরচে একবারও বিদেশ সফরে যাননি এবং বেতন-ভাতা হিসেবে যা পান, তা নিজে নেন না বলেও জানান শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতার সরকারি বাসা বিভিন্ন বৈঠকের কাজে ব্যবহার করেন বলে জানান তিনি।