মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দিয়েছে প্রাইভেট কারটি। ছবি-ভিডিও থেকে নেওয়া
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৮
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা যুবককে গাড়িচাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত কিশোরকে বুধবার গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। তবে এ সংক্রান্ত মামলায় তাকে আসামি করা হয়নি। বরং গাড়িটির চালক হিসেবে আকাশ মারাক নামে একজনের কথা উল্লেখ করা হয়েছে এজাহারে।
গ্রেপ্তার ১৬ বছর বয়সী কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ক্যাপ্টেনের ছেলে বলে জানা গেছে। সে একটি ইংরেজি মাধ্যম স্কুলে ‘ও’ লেভেলে পড়ে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। দুর্ঘটনায় দায়ী গাড়িটি তাঁর মায়ের নামে নিবন্ধিত।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন সমকালকে বলেন, গাড়িচাপায় মেহেদী হাসান মীম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। নিহতের ভাই মুক্তাদির ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। সেখানে গাড়িচালক আকাশ মারাককে আসামি করা হয়েছে। তবে উপস্থিত লোকজন এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন। গাড়িটি তিনিই চালাচ্ছিলেন বলে দাবি তাদের। এ কারণে কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কেন মামলায় আসামি করা হয়নি সেটি বাদী বলতে পারবেন। এ বিষয়ে জানতে বাদীর মোবাইল ফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মঙ্গলবার বারিধারা ১ নম্বর সড়কের ১৪ নম্বর নির্মাণাধীন ভবনের বিপরীত পাশের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী হাসান (২৪)। তিনি ওই এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বিকেল ৫টার দিকে হঠাৎ বেপরোয়া গতিতে আসা কালো রঙের একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর নিথর দেহ বের করে আনেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার থানার সোনারায় এলাকায়। বাবার নাম এরশাদুল হক, মা মোছা. মিনু।