এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে আজ মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনালটি পরিত্যক্ত হয়েছে। ফলে একটি বলও মাঠে না গড়িয়েই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
নাগোয়ায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচ শুরুর কথা থাকলেও আবহাওয়ার অবস্থা বিবেচনায় নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানায় আয়োজকরা। ফলে মাঠে যাওয়ার প্রয়োজনও হয়নি বাংলাদেশ দলের।
দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকাল থেকে বৃষ্টি থাকায় ম্যাচ না হওয়ার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। আয়োজকরা ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করায় আমাদের আর মাঠে যাওয়ার প্রয়োজন হয়নি।’
বৃষ্টির কারণে এর আগে সকালে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালও মাঠে গড়ায়নি। গতকাল একই কারণে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের ম্যাচও পরিত্যক্ত হয়েছিল।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১০ সালে গুয়াংজুতে স্বর্ণপদক জয়। এরপর ২০১৪ সালে ইনচনে রৌপ্য এবং ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।