রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করে পিআইডি

ইউরোপের বিভিন্ন দেশকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান। সাক্ষাতে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাতে রাষ্ট্রপতি বর্তমান গণতান্ত্রিক পরিবেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন এবং বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূতরা পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগে অব্যাহত সম্পৃক্ততা ও সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন তারা। রাষ্ট্রপতি এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লৎস, ইতালির রাষ্ট্রদূত আন্তেনিও আলেসান্দ্রো, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিছ ভান বোসেল, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এ সময় উপস্থিত ছিলেন।

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, প্রতিনিধি দল সৌদি আরবে ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪-কে কেন্দ্র করে সৃষ্ট বিশাল উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড, অবকাঠামো নির্মাণ ও প্রচুর দক্ষ জনশক্তির চাহিদার কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এই সম্ভাবনা কাজে লাগাতে প্রতিনিধি দলকে পরামর্শ দেন।

সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নৃগোষ্ঠীসহ সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে। সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে একটি সম্প্রীতিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

ই-মেইল: [email protected], [email protected]