ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে সরকারি কর্মকর্তা, করপোরেট নির্বাহী, শিল্প খাতের নেতা ও প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশাজীবীরা অংশ নেন।

বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পেশাগত অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রজেক্ট ম্যানেজমেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের লক্ষ্য।

বিকেলের নেটওয়ার্কিং সেশন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এ টি এম ইকবাল চৌধুরী স্বাগত বক্তব্য দেন। ‘এম.ও.আর.ই.’ কৌশলগত কাঠামোর আওতায় বাংলাদেশে বৈশ্বিক মানের প্রকল্প বাস্তবায়ন এগিয়ে নেওয়ার বিষয়ে চ্যাপ্টারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি সিম্পোজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জাতীয় অবকাঠামো উন্নয়ন, সরকারি ব্যবস্থাপনা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক মানসম্মত প্রকল্প ব্যবস্থাপনা কাঠামোর গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘গ্লোরিয়াস প্রজেক্ট অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়। একই পর্বে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের দীর্ঘদিনের সদস্যদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬’। এ পর্বে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে জুরি সদস্য ও করপোরেট ইভেন্ট স্পনসরদের সম্মাননা দেওয়া হয়।