ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার পলাতক বিপ্লব কুমার সরকারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার কমিশন তাঁর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির অনুমোদন দিয়েছে।

অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক মো. রাসেল রনি শিগগিরই তাঁর নামে-বেনামে, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠাবেন। গতকাল দুদক সচিব এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানান।

দুদক জানায়, আনুসন্ধানকালে বিপ্লব কুমার সরকারের নামে-বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি তিন লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে দেশে-বিদেশে আরও সম্পদ থাকতে পারে বলে অনুসন্ধানকারী কর্মকর্তা মনে করছেন।

এই কারণে তাঁর কাছে সম্পদের হিসাব চাওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী বিপ্লব কুমারের নামে সম্পদ বিবরণীর নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের অভিযোগ, সরকারি চাকরিতে থাকার সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস আড়াল করতে বিপ্লব কুমার নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন হিসাব ব্যবহার করেছেন। তাঁর এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংকে ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানে তিনটি এবং সাতটি ব্রোকারেজ হাউসে ১৩টি হিসাব পাওয়া গেছে। সব মিলিয়ে হিসাবের সংখ্যা ৩৪১টি। এসব হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

ই-মেইল: [email protected], [email protected]