নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩ প্রকৌশলীর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল মো. বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক চারটি চিঠিতে এসব কৈয়িফত তলব করা হয়।
এলজিইডির চিঠি অনুযায়ী, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। কাজটি করছে মেসার্স হক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।
এ ঘটনায় নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে পৃথক ৪ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ব্রিজ নির্মাণকাজে স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সরকারি অর্থের অপচয় এবং জনস্বার্থ বিঘ্নিত হওয়াসহ এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে; এবং অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার অসদুদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সাথে পরস্পর যোগসাজসে স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে মর্মে প্রতীয়মান হয়। আপনার উপর্যুক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩ (ঘ) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার সামিল ও শাস্তিযোগ্য অপরাধ; এবং আপনার উপর্যুক্ত কার্যকলাপ তথা অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না তার সন্তোষজনক জবাব পত্র প্রাপ্তির ৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।
এদিকে টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুতে রাতের আঁধারে ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল মো. বেলাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ব্রিজ নির্মাণ কাজে স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় জনসাধারণ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে; এবং টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী হাসমত আলী অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার অসদুদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সাথে পরস্পর যোগসাজসে রডের পরিবর্তে বাঁশ ও স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন মর্মে প্রতীয়মান হয়; সেহেতু, হাসমত আলীকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩ (ঘ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার অভিযোগে অভিযুক্ত করে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িকভাবে বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।