হোয়াইট হাউসে প্রবেশে তিন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িক স্থগিতের আদেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। সম্প্রতি সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্টের পদক্ষেপ ঠেকাতে গত সোমবার গণমাধ্যমগুলো ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে। একইসঙ্গে নিষেধাজ্ঞা স্থগিতের সাময়িক আদেশ দিতে আদালতকে অনুরোধ করা হয়। এর ওপর স্থানীয় সময় বুধবার শুনানি হয়েছে। বিচারক অবিলম্বে হোয়াইট হাউসে গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
বিচারক টিমোথি কেলি বলেন, সাংবাদিকদের প্রেস পাস বাতিলের সিদ্ধান্তটি সম্ভবত সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে। সাধারণ নিয়ম হলো, সাংবিধানিকভাবে সুরক্ষিত কোনো অধিকার থেকে কাউকে বঞ্চিত করার আগে তাকে অবশ্যই বিষয়টি জানানো এবং বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হয়।
প্রবেশাধিকার পুনর্বহাল সংক্রান্ত আদালতের দেওয়া আদেশটির মেয়াদ ১৪ দিন।
এক সময় টিভি রিয়েলিটি তারকা ছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। দাবি করেন, এসব গণমাধ্যম ভুয়া খবর ও মিথ্যা তথ্য প্রকাশ করে।
নির্বাচনী প্রচার কিংবা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বিভিন্ন সময় গণমাধ্যম নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় সিএনএন, এমএস নাউ ও পলিটিকো বলেছে, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। ওই সংশোধনীতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কথা আছে।