বিশ্ববাসীর সামনে বিদ্যমান বহুমুখী সংকট মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনার প্রাক্কালে স্থানীয় সময় রোববার নিউইয়র্কে বিভিন্ন প্রস্তুতিমূলক উচ্চপর্যায়ের বৈঠক ও সাইডলাইন ইভেন্টে এই আহ্বান জানান তারা।

এ বছরের সামগ্রিক অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘আস্থা পুনঃস্থাপন এবং রূপান্তর ব্যবস্থাপনা: সকলের জন্য কাজ করে এমন একটি জাতিসংঘ’। প্রস্তুতিমূলক আলোচনা ও পার্শ্ববর্তী ইভেন্টগুলোতে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের শ্লথগতি এবং উন্নয়ন অর্থায়নের তীব্র সংকট দূর করতে কার্যকর উপায় নিয়ে নীতিনির্ধারকরা আলোচনা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আয়োজিত সাইডলাইন বৈঠকে মাতৃ ও শিশু স্বাস্থ্য, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অসংক্রামক রোগ এবং ভবিষ্যতের মহামারি মোকাবিলায় স্বাস্থ্য খাতের টেকসই অর্থায়নের ওপর জোর দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ৬টা ৫ মিনিটে নিউইয়র্ক পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে গতকাল সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

ঢাকা থেকে প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিটের ফ্লাইট শেষে তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের বরাত দিয়ে বাসসকে জানান, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।