কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন একটি রিসোর্টে আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত ওই ছয় বিদেশি নাগরিক ওয়ে চিং ওয়েন, সু ইয়াংফান, ইয়ান চাংসুং, সু হাইয়াং, উ জিয়ানশিওং ও ঝাং ঝোমিংকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত ওসমান বলেন, আসামিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা গভীরভাবে তদন্ত এবং জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা উদ্ঘাটন যেমন জরুরি, তেমনি গ্রেপ্তার ব্যক্তিরা পর্যটন বা অন্য কোনো বৈধ কাজে বাংলাদেশে এসে থাকলে তাদের আইনগতভাবে মুক্তি পাওয়ারও সুযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর কক্সবাজারের রামুর হিমছড়ি সমুদ্রসৈকতের পাশে তিনটি রিসোর্ট ও একটি আবাসিক ভবন ভাড়া নিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের আস্তানা গড়ে তোলার অভিযোগ ওঠে। পরে ছয়জনকে গ্রেপ্তার করে মামলা করে রামু থানা পুলিশ। পুলিশের মামলায় উল্লেখ করা হয়, আড়াই থেকে তিন শতাধিক চীন ও তাইওয়ানের নাগরিক সেখানে অবস্থান করে গোপনে কার্যক্রম চালাচ্ছিলেন। একটি রিসোর্টের হলরুমে কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছিল। পাশাপাশি তৈরি করা হয় ছয়টি সাউন্ডপ্রুফ কক্ষ।

ই-মেইল: [email protected], [email protected]