‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এ স্লোগানে বৃহস্পতিবার নগরের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল) মিলনায়তনে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতায় অংশ নেওয়া আটটি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত হোন। এসময় তাদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। সকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা। দুপুরে অনুষ্ঠিত হয় সেমি ফাইনাল ও ফাইনাল। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এবারের উৎসবে চট্টগ্রাম জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
সমকালের চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক ও ব্যুরো প্রধান সারোয়ার সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাওয়া স্কুলের অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী, চট্টগ্রামের বিখ্যাত সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শ্রীপর্না দাশ শর্মা, সিলভার বেলস গার্লস হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল মাওয়া, সরকারি মুসলিম হাই স্কুলের শিক্ষক মো. এনায়েত হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিতর্ক চর্চা মননে বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটায়। কার জ্ঞানের পরীধি কতটুকু তাও প্রকাশ পায় বিতর্কের মাধ্যমেই। বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীকে অনেক কিছু জানতে এবং যুক্তি দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতেও শেখায়। প্রতিবছর সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবের আয়োজন করে এক ছাদের নিচে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জ্ঞানকে ঝালাই করার সুযোগ করে দিচ্ছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এজন্য সমকাল প্রশংসার দাবিদার।’