বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিক্রিয়েশন সেন্টারে ৯ থেকে ১১ অক্টোবর তিন দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, লাতিন আমেরিকা, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্রিকেটে বাংলাদেশি শিক্ষার্থীদের দল শ্রীলঙ্কান শিক্ষার্থীদের দলকে হারিয়ে স্বর্ণপদক জেতে। ব্যাডমিন্টনে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—তিনটি পদকই জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এ ছাড়া দাবা ও টেবিল টেনিসে স্বর্ণপদক অর্জন করেছেন তাঁরা। সব মিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জেতেন, যা একক দল হিসেবে সর্বোচ্চ।
বিদেশের মাটিতে উচ্চশিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁদের এ অর্জন বিশ্ববিদ্যালয় অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিভা, দক্ষতা ও দলগত প্রচেষ্টার পরিচয় তুলে ধরেছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেহাল আহমেদ মজুমদার জানান, আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়। বাংলাদশে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সার্বক্ষণিক সব ধরনের উৎসাহ ও সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।