ইসরায়েলকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানো আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসনের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) পাল্টা মন্তব্যকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ সামনে রেখে গত সপ্তাহে হালগ্রিমসন বলেছিলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি। আমরা ইসরায়েলের বিপক্ষে খেলছি, তাদের সঙ্গী হয়ে নয়।’

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতা’ বলে আখ্যা দেয় আইএফএ। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাংবাদিকদের মার্টিন বলেন, ইসরায়েলি ফুটবল সংস্থার এমন মন্তব্য প্রত্যাহার করা উচিত।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী গাজায় ধ্বংসযজ্ঞ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের প্রসঙ্গ তোলেন।

ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচ দুটি ঘিরে দেশটির ভেতরেও বিতর্ক চলছে। ১৬০ জনের বেশি আইরিশ ক্রীড়াবিদ ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে সই করেছেন। ডাবলিনে আয়ারল্যান্ড দলের হোটেলের বাইরেও বিক্ষোভ হয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। নিরাপত্তা ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় ৪ অক্টোবরের ম্যাচটি ডাবলিন থেকে সরিয়ে সার্বিয়ার বাক্কা টোপোলায় নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বরের ম্যাচটি হবে হাঙ্গেরির ডেব্রেসেনে।