প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে এই কার্যক্রম করেন বন্ধুরা। উদ্দেশ্য, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতাকে বাস্তব ও কার্যকর সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়া। আয়োজনে সহযোগিতা করে ডিআইইউ সাসটেইনেবিলিটি উইং।
কমিউনিটি ক্লিনিং ড্রাইভ১১ অক্টোবর প্রথম ধাপে কমিউনিটি ক্লিনিং ড্রাইভ আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন রোদেলা ক্যাফের সামনে থাকা কয়েকটি ময়লার স্তূপ পরিষ্কার করেন বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শেখ মুহাম্মদ আল্লাইয়ার। তিনি বর্জ্য রাখার জন্য ড্যাফোডিল বন্ধুসভার মাধ্যমে বড় ময়লার ড্রাম স্থাপনের আশ্বাস দেন।
ড্যাফোডিল বন্ধুসভার কনভেনর এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভা বিভিন্ন ভালো কাজ করতেই থাকে; তার মধ্যে এটা একটা চমৎকার উদ্যোগ। আজ বন্ধুদের সঙ্গে আমিও একজন পরিবেশ বন্ধু।’
বেলা দুইটার পর বন্ধুরা রোদেলা ক্যাফে ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের কাছে সচেতনতামূলক বার্তা নিয়ে যান। তাঁদের সঙ্গে আলোচনা করেন কীভাবে বিশ্ববিদ্যালয়ের আশপাশের স্থান ও এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা সম্ভব। এ সময় স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আমরা খুব খুশি। আপনারা যে পরিষ্কার করে দিয়েছেন, এখন এই জায়গা পরিষ্কার রাখার দায় আমাদের। তবে আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা এই সচেতনতার উদ্যোগ যেন কয় দিন পরপর করেন।’
জবাবে ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি আশ্বাস দেন, কিছুদিন পর আবারও এই পরিচ্ছন্নতাবিষয়ক কাজ করা হবে। এ ছাড়া ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোবারক হোসেন, সহযোগী অধ্যাপক এ এইচ এম শাহরিয়ার পারভেজ ও সহকারী অধ্যাপক খালেদ সোহেল। তাঁরা বন্ধুসভার ভালো কাজের প্রশংসা করেন।