জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পথচারী ও যানবাহনের চালকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে দিনাজপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা কলেজ মোড় থেকে কার্যক্রম শুরু করেন বন্ধুরা। ওই এলাকার সড়কে থাকা গতিরোধকগুলো দূর থেকে স্পষ্টভাবে বোঝা যায় না। ফলে অনেক সময় চালকেরা যথাসময়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেন না। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি যাত্রী ও পথচারীদের দুর্ভোগের সৃষ্টি হয়।

শুধু গতিরোধক রাঙানোতেই সীমাবদ্ধ ছিল না কার্যক্রম। সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ধুলাবালুতে অনেক ট্রাফিক সাইনবোর্ডের নির্দেশনা অস্পষ্ট হয়ে পড়েছিল। পানির বালতি ও ন্যাকড়া নিয়ে সেসব সাইনবোর্ডও পরিষ্কার করেন বন্ধুরা। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এ কর্মসূচি পালন করা হয়।

বন্ধুসভার এমন উদ্যোগের প্রশংসা করেন পথচারী, যানবাহনের চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইজিবাইকচালক আকরাম হোসেন বলেন, ‘রাতের বেলা বিপরীত দিক থেকে বড় গাড়ির আলো এলে রাস্তার গতিরোধকগুলো চেনা মুশকিল হয়ে যায়। এখন সাদা রঙের কারণে দূর থেকেই এগুলো ভালোভাবে বোঝা যাবে। এতে রাস্তায় গাড়ি চালাতে অনেক সুবিধা হবে।’

সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি নিজেদের স্বেচ্ছাশ্রমে নাগরিক দায়িত্ব পালনের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, বন্ধু তাসনিম পৌষী, মারুফ হাসান, আতিক ইসলাম ও সজীব হোসেনসহ অন্যরা।