বিশ্বনেতারা ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানালেও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা ও লঙ্ঘনমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এর মধ্যেই গাজা পুনর্গঠনে ৬৬টি প্রকল্পের মাধ্যমে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’ বা ট্রাম্পের শান্তি পর্ষদ।

যুদ্ধবিরতি ও গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা সংস্থাটি বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত এক বোর্ড সভায় এই প্রকল্পগুলোর রূপরেখা প্রকাশ করে।

‘বোর্ড অব পিস’- এর পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা পুনর্গঠনে মধ্যমেয়াদে প্রায় ৩৫ বিলিয়ন ডলার এবং পরবর্তী ১০ বছরে আরও ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘বোর্ড অব পিস’- এর উচ্চপদস্থ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ জানিয়েছেন, প্রস্তাবিত এই পরিকল্পনা হামাসের নিরস্ত্রীকরণের ওপর নির্ভরশীল। গত জুলাইয়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গাজায় নিজেদের নিরস্ত্রীকরণের রূপরেখা সম্বলিত একটি নথিতে সম্মত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন শান্তি ও নিরাপত্তার পথে এটিকে একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছিলেন।

ম্লাদেনভ বলেন, বিষয়টি পরিষ্কারভাবে বলতে চাই যে, আমরা কোনো নির্দিষ্ট সময়সীমার (ক্যালেন্ডারের) দ্বারা আবদ্ধ নই। আমরা নিশ্চিত করতে চাই যে এই উদ্যোগটি যেন সফল হয়।

নিউইয়র্কে ‘বোর্ড অব পিস’-এর সংবাদ সম্মেলন থেকে আল-জাজিরার সাংবাদিক ক্রিস্টেন সালুমি জানান, গাজায় মাঠপর্যায়ে ‘খুব সামান্যই অগ্রগতি হয়েছে’। তিনি বলেন, এই বৈঠকে বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা যা শুনছি তা হলো—সামনে কতটা কঠিন এক কাজ অপেক্ষা করছে।