গোয়ালঘর, খামার কিংবা বাড়ির উঠানে প্রতিদিন জমছে গোবর। অথচ সেই গোবর সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত না করায় কৃষকের জমিতে পৌঁছাচ্ছে না জৈব সার হিসেবে। ফলে বিপুল পরিমাণ গোবর উৎপাদন হলেও সাদুল্লাপুরে জৈব সারের ঘাটতি থেকে যাচ্ছে। আর সেই ঘাটতি পূরণে প্রতিবছর অতিরিক্ত ব্যবহার করতে হচ্ছে প্রায় এক হাজার ২০০ টন রাসায়নিক সার। এর মধ্যে ইউরিয়া ৭০০ টন।
কৃষি বিভাগের হিসাবে, অতিরিক্ত এই এক হাজার ২০০ টন রাসায়নিক সারের বর্তমান মূল্য প্রায় দুই কোটি ৭৯ লাখ টাকা। অথচ সাদুল্লাপুরে বছরে গোবর উৎপাদন হয় প্রায় চার লাখ ৪৭ হাজার ৫৪০ টন। এর বিপরীতে ফসল উৎপাদনে প্রক্রিয়াজাত জৈব সার হিসেবে ব্যবহার করা যাচ্ছে মাত্র ৭০ হাজার টন। অর্থাৎ গোবরের অভাব নেই; অভাব সেটিকে সঠিকভাবে সংরক্ষণ ও জৈব সারে পরিণত করার পদ্ধতির। কৃষক ও খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো গেলে একদিকে রাসায়নিক সারের ব্যবহার কমানো, অন্যদিকে জমির উর্বরতা বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, ফসলের জন্য গোবর অত্যন্ত কার্যকর জৈব সার। এর প্রয়োগে জমির উর্বরতা বাড়ে এবং ফসলের রোগবালাই কমাতে সহায়তা করে। জমির মাটির গঠন ও গুণাগুণ উন্নত করে এবং পানি ধারণক্ষমতা বাড়ায়। দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারে জমির যে ক্ষতি হয়, জৈব সার তা কমাতে সহায়তা করতে পারে।
কৃষি বিভাগ জানায়, সাদুল্লাপুর উপজেলায় বছরজুড়ে ১৭ হাজার ৯৩৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। এসব ফসল উৎপাদনে জৈব সার হিসেবে বছরে প্রয়োজন প্রায় এক লাখ ৩০ হাজার টন প্রক্রিয়াজাত গোবর। কিন্তু পাওয়া যায় মাত্র ৭০ হাজার টন। ফলে প্রতিবছর প্রায় ৬০ হাজার টন জৈব সারের ঘাটতি থেকে যাচ্ছে।
অন্যদিকে প্রাণিসম্পদ দপ্তরের হিসাবে, উপজেলায় বর্তমানে গরু রয়েছে এক লাখ ৯৯ হাজার ২৩৬টি, ছাগল ৯৭ হাজার ৩২৬টি এবং ভেড়া পাঁচ হাজার ৭১৯টি। এসব প্রাণী থেকে বছরে প্রায় চার লাখ ৩৮ হাজার টন গরুর গোবর, আট হাজার ৯০০ টন ছাগলের মল এবং ৬৪০ টন ভেড়ার মল পাওয়া যায়। সব মিলিয়ে বছরে গোবর উৎপাদনের পরিমাণ প্রায় চার লাখ ৪৭ হাজার ৫৪০ টন। এত বিপুল পরিমাণ গোবর উৎপাদনের পরও জৈব সারের ঘাটতি কেন– এ প্রশ্নের উত্তর মিলছে খামারিদের কথাতে। অনেক কৃষক কাঁচা গোবর সরাসরি জমিতে প্রয়োগ করেন। কেউ গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। আবার কোথাও পুকুরে মাছের খাদ্য হিসেবে দেওয়া হয়। ফলে বড় একটি অংশ ফসল উৎপাদনে প্রক্রিয়াজাত জৈব সার হিসেবে ব্যবহারের বাইরে থেকে যাচ্ছে।
কথা হলে ইসলামপুর গ্রামের কৃষক জাহিদুল ইসলাম, ছাইগাড়ী গ্রামের জোবেদ আলী ও জয়েনপুর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, তারা নিজেদের জমিতে প্রচুর গোবর ব্যবহার করেন। কিন্তু সেটি সঠিক পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে কিনা, তা তারা জানেন না। তাদের এলাকায় কৃষি বা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে গোবর সংরক্ষণ বিষয়ে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি।