বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বহুজাতিক টেলিযোগযোগ ও ডিজিটাল অপারেটর কোম্পানি ভিওন ও এর বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের এফডিআই আনার লক্ষ্যে এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলালিংক জানায়, গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও’ উদ্যোগের আওতায় এটি ছিল প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
চলতি বছরের শুরুর দিকে চালু হওয়া ভিওনের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও’ উদ্যোগ বাংলাদেশ সরকারের সঙ্গে একটি প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং শীর্ষস্থানীয় গ্লোবাল ইনভেস্টর ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল ব্ল্যাকরক, রথসচাইল্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিশ্বব্যাংক।
ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লো, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দেশটিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের দারুণ এক সুযোগ তৈরি করেছে। এ সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে আমরা ২৫ কোটি মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছি। এর পাশাপাশি দেশে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ আনতে আন্তর্জাতিক অংশীদারদেরও যুক্ত করছি।’
ভিওনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা বলেন, ‘যেসব দেশের ডিজিটাল সম্ভাবনা এখনও গ্লোবাল ইনভেস্টরদের যথাযথ নজরে আসেনি, সেসব দেশগুলোতে বিনিয়োগ করে আসছে ভিওন। বাংলাদেশে ১৭ কোটির বেশি মানুষ বসবাস করেন। দেশটির একটি উল্লেখযোগ্য অংশ তরুণ এবং এর ডিজিটাল অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। অন্য বিনিয়োগকারীদের আগে আমরাই এখানে বিনিয়োগ করছি, যা বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি আস্থার প্রতিফলন।’