ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ সোমবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদ সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্যের ঘরে রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেন। বিষয়টি সংগঠনের নেতাদের নজরে এলে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি আমাদের নজরে আসে। আমাদের কাছে এটি সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী মনে হয়েছে। এ কারণে কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও বলেন, রাব্বির ওই মন্তব্যের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। পরে রাব্বি হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক ছাত্রকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ তবে রাব্বি হোসেন নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ বলে করা মন্তব্যটি তিনি সার্কাজম হিসেবে করেছিলেন। ২০২৪ সালের আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন রাব্বি। রাব্বি হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বহিষ্কারের ফলে সংগঠনটির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ হারিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
ই-মেইল: [email protected], [email protected]