আমির খান, শাহরুখ খান, নকুল কাপুর, সালমান খান ও অক্ষয় কুমার

একটি গান বদলে দিয়েছিল অভিনেতা নকুল কাপুরের পরিচয়। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’ সিনেমার ‘আঁখ হ্যায় ভরী ভরী’ গানটি জনপ্রিয় হওয়ার পর রাতারাতি আলোচনায় আসেন তিনি। চকলেট বয় চেহারা আর আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে তরুণ দর্শকদের মনেও জায়গা করে নেন।

২০০০ সালের দিকে শাহরুখ খান, সালমান খান ও আমির খানের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন অভিনেতাও তখন বলিউড সিনেমায় নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছিলেন। তখন নতুন এক তারকা হিসেবে তাকে ধরা হতো। কিন্তু ঘটেছে ভিন্ন। প্রথম সিনেমার সাফল্যের পর সেইভাবে আর দেখা যায়নি তাকে। ধীরে ধীরে অভিনয় থেকে সরে গিয়ে একেবারে ভিন্ন জীবন বেছে নেন নকুল।

দিল্লির ছেলে নকুল কাপুর। ১৯৭৪ সালের ১১ জুলাই সেখানেই তার জন্ম। ছোটবেলা থেকে খেলাধুলা ও অ্যাডভেঞ্চারের প্রতি তার আগ্রহ ছিল। তিনি দক্ষ ডাইভারও ছিলেন। জাতীয় পর্যায়ে একাধিক শিরোপা জয়ের পাশাপাশি বাঞ্জি জাম্পিংসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসেও অংশ নিয়েছেন।

এরপর পরিচালক দীপক আনন্দের ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান নকুল। কিম শর্মা ও আরতি ছাবরিয়ার সঙ্গে সিনেমাটিতে অর্জুন সিং চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি তরুণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। একই সঙ্গে নকুলও পরিচিতি পান বলিউডের নতুন ‘চকলেট বয়’ হিসেবে।

কিন্তু প্রথম সিনেমার পর আর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি তাকে। ২০০৫ সালে কানাডার টেলিভিশন সিরিজ ‘টার্মিনাল সিটি’-তে অভিনয় করেন নকুল। এরপর বিনোদনজগতের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। একসময় পুরোপুরি আড়ালে চলে যান তিনি।