রাজশাহীর বাঘায় পদ্মার চর ও বালুঘাটের আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মিনারুল ইসলাম (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর নীচপলাশী নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মিনারুল ইসলাম একই গ্রামের জামাত মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মণ্ডল বাহিনীর সদস্যরা পিচবোর্ড (ইঞ্জিনচালিত নৌকা) নিয়ে নদীপথে যাওয়ার সময় কুষ্টিয়ার দৌলতপুরের ‘কাঁকন বাহিনী’র সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে পিচবোর্ড ছিনিয়ে নিতে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এ সময় মণ্ডল বাহিনীও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। এতে পিঠে গুলিবিদ্ধ হন মিনারুল। অবস্থা বেগতিক দেখে নৌকায় থাকা অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন।
পরে মিনারুলকে উদ্ধার করে সকাল ৮টা ২৫ মিনিটে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. এলিনা পারভেজ জানান, আহত যুবকের পিঠে গুলির ক্ষত রয়েছে। শরীরের ভেতরে গুলি আটকে থাকার সন্দেহে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, মিনারুল মণ্ডল বাহিনীর সদস্য। তবে অন্য একটি সূত্রের মতে, তিনি নদীতে মাছ ধরার সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ মুহুর্মুহু গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, মাছ ধরে ফেরার সময় তিনি দেখেন দুটি নৌকা থেকে একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে যায় দুর্বৃত্তরা।