নিয়োগপত্র দাবিতে শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এতে আপাতত শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে সরে গেছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। তবে বাদ পড়া সবার নিয়োগপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার সকাল ১১টা থেকে শাহবাগ থানার সামনে ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা। পরে রাত সাড়ে ৭টার পর থেকেই একে একে শাহবাগ ত্যাগ করেন আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বিভিন্ন জেলার প্রার্থীদের নিয়োগপত্র ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। বাদ পড়া সব প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ হলে সোমবার সকালে আবারও শাহবাগে জড়ো হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন তারা। তবে কারও নিয়োগপত্র প্রকাশ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
ভোলা জেলা থেকে আসা চাকরীপ্রার্থী শাখাওয়াত হোসেন বলেন, ‘যেসব প্রার্থীর নাম বাদ পড়েছিল, ধাপে ধাপে তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে। আমরা মোটামুটি সন্তুষ্ট। যাঁদের বাদ দেওয়া হয়েছিল, তাঁদের নামেও নিয়োগপত্র প্রকাশ করা হবে বলে আশা করছি।’
তিনি বলেন, ‘আগামীকাল সকালে আবারও আমরা শাহবাগে জড়ো হব। যদি সবার নিয়োগপত্র প্রকাশিত হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করব। আর যদি সকলের নামে নিয়োগপত্র না আসে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’