আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় হকাররা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডিইপিজেডের আনসার ও নিরাপত্তাকর্মীরা হকারদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ হকাররা আনাসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। আনসার সদস্যরাও হকারদের ওপর লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যায় বেপজা কর্তৃপক্ষ। এ সময় অভিযানে অংশ নেওয়া আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে ওঠেন হকাররা। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন তারা। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে হকারদের সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ হকাররা অভিযোগ করেন, আনসার বাহিনীর সদস্যরা তাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে না চাইলে তারা উচ্ছেদ করতে আসে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চান তারা। আনসার সদস্যদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে হকাররা বলেন, তাদের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেছে। তাদের টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

ফুটপাতের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, কেউ যদি রাস্তায় দোকান বসায় তাহলে ডিইপিজেডের আনসার সদস্যরা এসে চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে না পারলে দোকান তুলে দেয়।