চাঁদপুরের মতলবের বদরপুর গ্রামে শহীদ তাজুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার ‘আমার প্রিয় বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে ‘বাঙালি জাতিসত্তার অভিযাত্রা: সাহস এবং আত্মত্যাগ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে তারা সেখানে যান।

শুক্রবার সকাল আটটায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা চাঁদপুরের মতলবের বদরপুর গ্রামের উদ্দেশে রওনা হন। সেখানে শহীদ তাজুল ইসলামের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সালাম জানানোর পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ তাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বি.এ. (সম্মান) ও এম.এ. সম্পন্ন করেন। পরে আদমজী পাটকলে শ্রমিক হিসেবে কাজ করেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি নিহত হন।

কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজি, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, ডা. আহাদ, প্রকৌশলী উত্তম কুমার দাস, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক অলক দাশগুপ্ত, নাট্য নির্মাতা সাইফউদ্দিন আহমদ, সংগঠক ইদ্রিস আলী, উন্নয়নকর্মী সমাপিকা হালদার এবং সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যমকর্মী রুশো রকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।

সমাধি প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজি শহীদ তাজুল ইসলাম ও তার সহধর্মিণী শহীদ জায়া নাসিমা ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। এ সময় তিনি শহীদ নূর হোসেনের সাহস ও আত্মত্যাগের কথাও স্মরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান শহীদ তাজুল ইসলামের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ও আত্মত্যাগের বিষয়ে অনুসন্ধানে এগিয়ে আসার আহ্বান জানান।