রাউজানের কুণ্ডেশ্বরী এলাকায় পুড়িয়ে দেওয়া পিকআপ সমকাল

চট্টগ্রামের রাউজানে পাঁচ দিনের ব্যবধানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে আরও একটি পিকআপ। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে কুণ্ডেশ্বরী এলাকায় পার্ক করা অবস্থায় পিকআপটিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। গত শুক্রবার গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এ আগুন দিয়েছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি।

জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে গাড়ির মালিক টিটু দাশের বাড়ি। তিনি রাঙামাটি থেকে কাঁচামালের ভাড়া নিয়ে রাউজান আসেন। মালপত্র নামিয়ে প্রতিদিনের মতো বাড়ির সামনে পিকআপটি পার্ক করেন। গভীর রাতে কে বা কারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে পিকআপটি পুড়ে যায়। এর আগে গত ২২ সেপ্টেম্বর রাতে এই ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে পার্ক করে রাখা একটি ড্রামট্রাকে আগুন দেওয়া হয়। পাঁচ দিনের ব্যবধানে একই সড়কের পাশে দুটি গাড়িতে আগুন দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গতকাল শনিবার সকালে পিকআপে আগুন দেওয়ার খবর পেয়ে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে স্থানীয় নেতারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তারা গাড়ির মালিক টিটু দাশের সঙ্গে দেখা করেন এবং সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। তা ছাড়া তাৎক্ষণিক বিএনপির নেতারা পাঁচ হাজার টাকা দেন। গাড়ির মালিক টিটু দাশ বলেন, তিনি গাড়ি পার্ক করে রাতে ঘুমাতে যান। রাত ২টার দিকে তাঁকে ফোন করে জানানো হয়, গাড়িতে আগুন লেগেছে। তিনি তাৎক্ষণিক গিয়ে দেখেন গাড়ি আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গাড়ি পুড়ে গিয়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর। উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, শারদীয় দুর্গাপূজা সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে নাশকতা করছে দলটি। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মীর্জা ও সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেলও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত বলে দাবি করেন।

ই-মেইল: [email protected], [email protected]