এশিয়ান গেমসে পদকের লক্ষ্য নিয়ে জাপানে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পদকের সমীকরণে না গিয়ে আপাতত কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়া যাবে না বলেও সতর্ক করেছেন তিনি।

আগামী ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। দীর্ঘ ৫-৭ দিন ম্যাচের বাইরে থাকার পর সরাসরি নকআউট ম্যাচে নামাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সালাউদ্দিন। তাই প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স কেমন হয়, সেটির ওপরই পরবর্তী পরিকল্পনা নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি ম্যাচ খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওইখানে আমরা কীভাবে খেলছি, সেখান থেকে পরেরটা চিন্তা করব।’

মালয়েশিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের আছে। আগের এশিয়ান গেমসেও কোয়ার্টার ফাইনালে এই প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ছাড়া মালয়েশিয়ার ক্রিকেট নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালাউদ্দিনের। প্রতিপক্ষকে ভালোভাবে চেনেন বলেই তাদের আরও সতর্কভাবে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

‘আমার সবই জানা আছে। কারণ মালয়েশিয়ার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়, অনেক সময় টসও একটা ফ্যাক্টর হতে পারে। এ কারণে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না। খেলেই আমাদের জিততে হবে,’ বলেন তিনি।

বাংলাদেশের লক্ষ্য পদক হলেও সেটিকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না সালাউদ্দিন। তার মতে, বড় পর্যায়ে খেলতে হলে চাপ সামলে পারফর্ম করাও খেলোয়াড়দের দায়িত্ব। দীর্ঘদিন একই ক্রিকেটারদের নিয়ে খেলার অভিজ্ঞতাকে দলের বড় শক্তি হিসেবেও দেখছেন তিনি।