সোমবার, ০৯ নভেম্বর ২০২৬Loginপদার্থবিজ্ঞানপ্রযুক্তিগণিতমহাকাশজীববিজ্ঞানকার্যকারণবিজ্ঞান কল্পগল্পকমিকসবিজ্ঞানরম্যসাক্ষাৎকার মহাকাশজন্মদিন মহাবিশ্বটা বিশাল ব্যাপ্তি নিয়ে বিরাজমানমার্কিন জ্যোতির্বিদ, জ্যোতিঃপদার্থবিদ, বিজ্ঞান লেখক এবং ভয়েজার ও সেটি-এর মতো প্রকল্পের নেপথ্যের নায়ক কার্ল সাগানের জন্ম ৯ নভেম্বর। জীবনভর বিজ্ঞান জনপ্রিয় করার চেষ্টায় কসমস-এর মতো বই লিখেছেন। তাঁর সঞ্চালনায় জনপ্রিয় বৈজ্ঞানিক টিভি সিরিজ কসমস: আ পার্সোনাল ভয়েজ বহু কিশোর-তরুণকে বিজ্ঞানী হতে অনুপ্রাণিত করেছে। ১৯৩৪ সালের ৯ নভেম্বর এই বিজ্ঞানীর জন্ম।

এই দিনে কসমস বইটি অবলম্বনে তাঁর মহাজাগতিক দৃষ্টিভঙ্গির কথা, বিজ্ঞানবক্তা আসিফের কলমে...

‘আমরা যা জানি, তা হচ্ছে সসীম; আর যা জানি না, তা অসীম। বুদ্ধিবৃত্তিকভাবে অজানার সীমাহীন মহাসমুদ্রের মাঝে একটি ছোট দ্বীপে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিটি প্রজন্মের দায়িত্ব হলো সেই দ্বীপের ভূমির পরিমাণ আরও কিছুটা বাড়ানো।' কথাটি বলেছিলেন টমাস হাক্সলি ১৮৮৭ সালের দিকে। এই জ্ঞানের ভূমি বাড়ানোর মধ্যে দিয়ে আমাদের ভৌগলিক সীমানা পৃথিবী ছাড়িয়ে গ্রহ-নক্ষত্র পর্যন্ত বিস্তৃত হয়েছে।

পৃথিবীটা একটা জায়গা সত্যি, কিন্তু এটা শুধু একটা জায়গা নয়। এমন কি কোনো সাধারণ জায়গাও নয় এটা। কোনো গ্রহ অথবা গ্যালাক্সিও সাধারণ নয়। কারণ মহাবিশ্বের বেশিরভাগ অঞ্চলই খালি। এই সীমাহীন শীতল বিশ্বজনীন শূন্যতার ভেতর সাধারণ বলতে যদি কিছু বোঝানো যায়, তবে তা অন্তহীন রাত্রিতে নিমজ্জিত আন্তঃগ্যালাক্সীয় শূন্যতা, যা এতই অদ্ভুত আর ঊষর যে এর তুলনায় গ্রহ-নক্ষত্র এবং গ্যালাক্সিগুলোকে অসম্ভব সুন্দর মনে হয়; অথচ এদের নিতান্তই কম উপস্থিতি বড় পীড়াদায়ক। এই মহাবিশ্বের যেকোনো জায়গায় যদি আর্বিভূত হবার সম্ভাবনা সমান হতো, তবে কোথাও আর্বিভূত হওয়ার পর কোনো গ্রহপৃষ্ঠে বা তার কাছাকাছি আছি—এমনটা হবার সম্ভাবনা হতো অত্যন্ত কম। শত লক্ষ কোটিতে এক (১০৩৩)—একের পর ৩৩টা শূন্য বসালে যে সংখ্যা হয়, তা। দৈনন্দিন জীবনে এ ধরনের ছোট সম্ভাবনাগুলো অসম্ভব বলে ধরা যায়। সুতরাং জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

আমরা যদি আন্তঃগ্যালাক্সীয় অবস্থান থেকে তাকাই, তাহলে দেখব অগণিত বিবর্ণ, খড়ের আঁটির মতো আলোর কুণ্ডালাকার ও লতানো অঙ্গ, সাগরের ফেনার মতো ভাসমান। এগুলোই গ্যালাক্সি। এর কিছু আবার নিঃসঙ্গ পথিক। তবে বেশিরভাগই দল বেঁধে বিশৃঙ্খলভাবে গাদাগাদি করে ছুটে চলেছে মহাজাগতিক মহাআঁধারের ভেতর দিয়ে। আমাদের সামনে মহাবিশ্বটা বিশাল ব্যাপ্তি নিয়ে বিরাজমান। আমরা অবস্থান করছি নীহারিকাপুঞ্জের জগতে, যা পৃথিবী হতে ৮০০ কোটি আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত এবং পরিচিত বিশ্বের অর্ধপথ মাত্র।

কার্ল সাগানের বিখ্যাত গ্রন্থ 'কসমস'ধূলিকণা, গ্যাস, আর নক্ষত্রের সমন্বয়ে তৈরি হয় একটি গ্যালাক্সি—শতকোটির ওপরে শতকোটি নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্রকেই কারও কারও কাছে সূর্য মনে হতে পারে। কিন্তু কার্ল সাগান বলেন, গ্যালাক্সিতে রয়েছে নক্ষত্র ও পৃথিবীর মতো গ্রহ। এর অনেকগুলোতে হয়তো প্রাণী, বুদ্ধিমান প্রাণী এমনকি আন্তঃনাক্ষত্রিক ভ্রমনের উপযোগী সভ্যতার উন্মেষ ঘটেছে। কিন্তু দূর থেকে দেখলে গ্যালাক্সি আমাকে মনে করিয়ে দেয় মহাসমুদ্রের ঝিনুক অথবা প্রবালের কথা, মহাজাগতিক সমুদ্রে যা তৈরি করতে প্রকৃতির লেগে গেছে মহাকালের এক বিশাল অংশ।