বার্মিংহামের সাটন পার্কসহ অঞ্চলটির বেশ কয়েকটি মনোরম স্থানে এই হাঁস দেখতে ভিড় করছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা। স্থানীয় আলোকচিত্রী জামিল এল ফারসি বলেন, নিজের এলাকার এত কাছে এমন হাঁস পাওয়া ছিল অবিশ্বাস্য। তাঁর ভাষায়, ‘ওদের দেখে সত্যিকারের মনে হয় না, মনে হয় আঁকা ছবি। রংগুলো এতটাই উজ্জ্বল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এআই’ সন্দেহহাঁসগুলোর চেহারা এতই অদ্ভুত সুন্দর যে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবি ভেবে ভুল করেছেন। অথচ এগুলো একেবারেই বাস্তব।

দুই ঘণ্টার অপেক্ষাম্যান্ডারিন হাঁস ভীষণ লাজুক। এরা নিরিবিলি জায়গা পছন্দ করে, প্রায়ই ঝুঁকে থাকা উইলোগাছের নিচে লুকিয়ে থাকে। তাই ছবি তোলা বেশ কঠিন। জামিল জানান, একটি হাঁসের ছবি তুলতে তিনি প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেছেন। হাঁসটি একটি গুঁড়ির চারপাশে সাঁতরাচ্ছিল। তিনি চাইছিলেন, ওটা পানি থেকে উঠে গুঁড়ির ওপর বসুক, যাতে একটা ভালো ছবি তোলা যায়।

প্রথমে হ্যালেসওয়েনের লিসোজে হাঁসগুলো দেখেছিলেন জামিল। অক্টোবরে স্ত্রী ও সন্তানদের নিয়ে আবার গেলেন সাটন পার্কে। সেখানে ভিড় দেখে অবাক হন তিনি। বললেন, ‘ওল্ভারহ্যাম্পটনসহ মিডল্যান্ডসের সব জায়গা থেকে মানুষ এসেছে।’

পূর্ব এশিয়া থেকে ইংল্যান্ডম্যান্ডারিন হাঁসের আদি নিবাস পূর্ব এশিয়ায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে চীন থেকে এদের ইংল্যান্ডে আনা হয়। এখন এরা সেখানকার পরিবেশে মিলে গেছে। বিশেষ করে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এদের বেশি দেখা যায়; ওয়েলস ও স্কটল্যান্ডের কিছু অংশেও আছে। ক্যানাল অ্যান্ড রিভার ট্রাস্ট জানায়, এরা স্থানীয় প্রজাতির কোনো ক্ষতি করে না, আর এখনো এরা ‘বিরল ও বিশেষ’ এক দৃশ্য।

পুরুষ হাঁসের পালক আর ঝলমলে রং সবচেয়ে নজর কাড়ে। স্ত্রী হাঁস তুলনায় সাদামাটা, ধূসর-বাদামি পালকের, চোখের পাশে সাদা রেখা। এরা সাধারণত পুরোনো গাছের কোটরে বাসা বাঁধে।