সীমান্তের শূন্যরেখা পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা হয়ে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করেন।

জানা গেছে, সুশান্ত চন্দ্র বিশ্বাস নামের আটক ওই ব্যক্তি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডেটা অ্যান্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির টহলদল শ্রীমঙ্গলের মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। সে সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে তিনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

আটক সুশান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডেটা অ্যান্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সুশান্তের কাছ থেকে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক সিল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ১৮৫ টাকা জব্দ করা হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সুশান্ত চন্দ্র বিশ্বাস। এ সময় তিনি কোথায় ছিলেন সে ব্যাপারেও কারও কাছে কোনো তথ্য পাওয়া যায়নি। বিজিবির জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, তিনি গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন এবং পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন। আটকের পর তাঁর কাছ থেকে উদ্ধার করা দুটি এনআইডি, ছয়টি পরিচয়পত্রসহ অন্যান্য নথিপত্র নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এসব পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

ই-মেইল: [email protected], [email protected]