প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৯
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ছে। গত রোববার মধ্যরাতে ডিজেলের বর্ধিত দাম কার্যকরের পর বেড়ে গেছে পরিবহন ব্যয়। বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা ৯ দশমিক ৮৫ শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপ করেছে।
সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারে দূরপাল্লায় ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে। যদিও আসনবিন্যাসের কারণে ভাড়া বাড়বে আরও বেশি। তবে সরকারের অনুমোদন পাওয়ার আগেই গতকাল সোমবার বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া আদায় করা হয়। লঞ্চের ভাড়ার বিষয়ে সরকারি সিদ্ধান্তের আগেই খেয়া ও নৌপথে পণ্য পরিবহনে খরচ বেড়েছে।
রাজধানী ঢাকার কিছু বাসে গতকালই বর্ধিত ভাড়া নেওয়া হয়। রাজধানীর ফার্মগেট থেকে যাত্রাবাড়ী হয়ে সাইনবোর্ডের দূরত্ব ১৪ দশমিক ৪ কিলোমিটার। কিলোমিটারে দুই টাকা ৫৩ পয়সা হিসাবে এ পথের ভাড়া ৩৭ টাকা। তবে এই রুটের লাব্বাইক পরিবহনে আগেই নেওয়া হতো ৪০-৪৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধিতে গতকাল নেওয়া হয় ৫০ টাকা। দূরপাল্লার বাসেও ভাড়া বৃদ্ধির খবর মিলেছে। দক্ষিণবঙ্গ থেকে ঢাকার রুটের বাসে গতকাল যাত্রীপ্রতি ৫০ টাকা বেশি নেওয়া হয়।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ট্রাকে পণ্য পরিবহনেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজিসহ পণ্য ট্রাকে ঢাকায় আনতে খরচ বেড়েছে। এতে চাপ পড়বে ভোক্তা পর্যায়ে।
ডিজেল-পেট্রোলের দামে রেকর্ড ইরান যুদ্ধের পর সৌদি আরব ও ইয়েমেনের তেহরানপন্থি হুতি বিদ্রোহীদের সংঘাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে রোববার রাতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত ২১ এপ্রিল ডিজেলে ১৫ টাকা বৃদ্ধি করে ১১৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। এর আগে ২০২২ সালের ৬ আগস্ট ডিজেলের দাম ৮০ থেকে বৃদ্ধি করে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে কয়েক ধাপে দাম কমে।