ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো., রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশে বাগান থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করেছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ওসি মো. মিজানুর রহমান আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে আগে সাতটি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে আটটি, মো. মান্নান ওরফে মান্দার খার বিরুদ্ধে ১৪টি, মো. সোহাগ কাজীর বিরুদ্ধে একটি, রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে দুইটি ও মো. মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ই-মেইল: [email protected], [email protected]