প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৭

ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। গত চার মাসে জেলাটিতে ৪৮৬টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহে নিষ্পত্তি হয়েছে ১৯৭টি। অর্থাৎ ময়মনসিংহের তুলনায় চট্টগ্রামে ২৮৯টি বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। আজ শুক্রবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থার (জিআরএস) গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে চট্টগ্রামে মোট ৮৮২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির হার ৫৫ শতাংশ। সংখ্যার হিসাবে চট্টগ্রামের পর রয়েছে ময়মনসিংহ। সেখানে অভিযোগ নিষ্পত্তি হয়েছে ১৯৭টি, হার ৪১ শতাংশ। এ ছাড়া পাবনায় ১৭০টি, বগুড়ায় ১৬২টি, যশোরে ১৬০টি, নোয়াখালীতে ১৫৭টি, ঢাকায় ১৪৪টি এবং রাজশাহীতে ১৪৩টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। সারাদেশে একই সময়ে মোট ১৫ হাজার ২০১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৮৪টি এবং অনিষ্পন্ন রয়েছে ১০ হাজার ৮১৭টি। জাতীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির হার ২৯ শতাংশ। সেই হিসাবে চট্টগ্রামের নিষ্পত্তির হার জাতীয় গড়ের চেয়ে ২৬ শতাংশ পয়েন্ট বেশি।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘দেশের অনেক মামলা ও বিরোধের পেছনে ভূমিসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব জটিলতার কারণে নাগরিকদের যেন মামলা, হয়রানি ও ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য ভূমিসংক্রান্ত অভিযোগ ও সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমিসেবা সহজ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তাও দায়িত্ব পালন করেন। মানুষ যাতে সহজে ভূমি সেবা নিতে পারেন তার সব ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে।’

ই-মেইল: [email protected], [email protected]